


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: সিপিএমের তরুণ নেতা তথা রাজ্য কমিটির সদস্য প্রতীক উর রহমানের পদত্যাগপত্র প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই তরুণ নেতার কাছে আলিমুদ্দিন স্ট্রিট থেকে যোগাযোগ করা হয়েছিল বলে খবর। কিন্তু তিনি মঙ্গলবার পর্যন্ত সিপিএমের রাজ্যদপ্তর মুজফফর আহমেদ ভবনে আসেননি বলেই জানা গিয়েছে। এদিকে এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে সিপিএম নেতাদের মধ্যে দিনভর জল্পনা চলল। তাঁদের প্রশ্ন অনেক কিন্তু উত্তর অধরা। ‘প্রতীক উর এবার কী করবেন?’, ‘প্রতীক উর কি সত্যিই সিপিএম ছেড়ে দেবেন?’ এরকমই প্রশ্ন ঘুরপাক খেল দিনভর।
দক্ষিণ ২৪ পরগনা জেলার এক নেতার কথায়, ‘প্রতীক উর যদি সত্যিই চলে যান, জেলা পার্টির অভ্যন্তরে প্রতিবাদের স্বর অনেকটা পাতলা হবে।’ আবার কোনো নেতার প্রশ্ন, প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেওয়ার কথা উনি কেন বললেন? তাহলে কি আশঙ্কাই সত্যি হতে চলেছে? কর্মী-সমর্থকরা বলছেন, লড়াকু নেতা, সংখ্যালঘু পরিবারের প্রতীক উর সিপিএম ছেড়ে দিলে তা দলের পক্ষে ক্ষতিকরই হবে। প্রতীক উর নিজে সোমবার বলেছিলেন, এখনই পার্টির বাইরে প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলব না। শুধু সিপিএম নয় ডায়মন্ডহারবারসহ দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল নেতাদের মধ্যেও জল্পনা বাড়ছে। তৃণমূল নেতাদের একাংশ বলা শুরু করেছেন, এই তরুণ সিপিএম নেতা তাঁদের দলেই আসছেন। আজ, বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক রয়েছে। মনে করা হচ্ছে, সেখানে প্রতীক উরের বিষয়টি উঠতে পারে।