


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হল। এপ্রিলের ২৩ ও ২৯ রাজ্যে দু’দফার বিধানসভা নির্বাচন। নিরাপত্তার কারণে সেই সময়ে আইএসএলের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ এপ্রিল মোহন বাগান বনাম ইন্টার কাশী ও ২৮ এপ্রিল ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা ম্যাচ দু’টি হবে নির্বাচনের ফল প্রকাশের পরে। উল্লেখ্য, ৩ মে বাঙালির আবেগের ডার্বি যে হচ্ছে না তা ইতিমধ্যেই পাঠকদের জানা। সূত্রের খবর, নির্বাচন এবং ফল প্রকাশের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে দুই প্রধানকেই জানিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ফেডারেশনের সঙ্গে আলোচনার পর এই ম্যাচ দু’টির তারিখ জানানো হবে। এদিকে, মিনি ডার্বিতে হারের পর স্টেডিয়ামের চেয়ার ভেঙেছিলেন মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। তাঁর জন্য রেড রোডের পাশের ক্লাবকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ফেডারেশন।
এদিকে, এআইএফএফের অনূর্ধ্ব- ১৬ জুনিয়র লিগে বড় জয় পেল মোহন বাগান। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৭ গোলের মালা পরাল তারা। এর মধ্যে চারবার জাল কাঁপিয়েছে রাজদীপ। এছাড়াও লক্ষ্যভেদে সফল অর্ক, সায়ন ও অভ্রনীল।