


জেরুজালেম, ২১ জানুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের গড়া ‘বোর্ড অব পিস’ নিয়ে প্রথমে বেঁকে বসেছিল ইজরায়েল। এ বিষয়ে তাদের সঙ্গে কোনও কথা বলেনি হোয়াইট হাউজ। এমনই দাবি করা হয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে। হঠাৎ এই ইস্যুতে সুর নরম তেল আভিবের। তাঁর সরকার ট্রাম্পের ‘শান্তি কমিটি’তে যোগ দিতে প্রস্তুত বলে জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহুর দপ্তর থেকে এই সংক্রান্ত বিবৃত প্রকাশ করা হয়েছে।
এদিকে ফ্রান্স ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে রাজি না হওয়ায় জগদ্বিখ্যাত ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের উপর ২০০ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে রাজি না হওয়ার জন্য ট্রাম্প যেভাবে ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়ে ঘনিষ্ঠ মহলে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।
ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসাবে গত ১৫ জানুয়ারি ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়। লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন ও প্রশাসনিক কাজ তদারকি করা। সেই বোর্ডে যোগ দেওয়ার জন্য ভারত সহ বিশ্বের একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
‘বোর্ড অব পিস’ গঠন কী হবে? হোয়াইট হাউজ জানিয়েছে, এক্ষেত্রে একটা প্রধান পর্ষদ থাকবে। তার চেয়ারম্যান হবেন স্বয়ং ট্রাম্প। দ্বিতীয়টি হবে এগজিকিউটিভ বোর্ড। এটা মূলত পরামর্শদাতার ভূমিকায় থাকবে। ১১ সদস্যের গাজা এগজিকিউটিভ বোর্ডে থাকবেন তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান, মার্কিন পিস কোঅর্ডিনেটর সিগরিড কাগ, ইজরায়েলি-সাইপ্রাসিয়ান ধনকুবের ইয়াকির গাবে।