


নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাতারাতি পরিকাঠামো উন্নয়ন হয় না। উন্নয়ন করতে সময় দিতে হবে। মালদহ মেডিকেলে শিশুমৃত্যু ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন করতেই এমনই মন্তব্য করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। সম্প্রতি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে ১০ শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত সরকারি হাসপাতাল ও মেডিকেলে ৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে উদ্বেগ ছড়িয়েছে জেলায়। কেন এমন ঘটনা ঘটছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্বাস্থ্যদপ্তর। জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই নার্সিংহোমে জন্ম নেওয়া শিশুরা চিকিৎসায় ভালো সাড়া না দেওয়ার পর তাদের মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে। আর সেই সকল শিশুদের চিকিৎসা করিয়েও সুস্থ করা যাচ্ছে না। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন ও জেলা স্বাস্থ্যদপ্তর। এমনকী, ইতিমধ্যে বেশকিছু নার্সিংহোমেও অভিযান চালানো হয়েছে। বেসরকারি হাসপাতালে কেন এই ধরনের ঘটনা ঘটছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনাচক্রে বৃহস্পতিবার মালদহ কলেজে খেল ইন্ডিয়া কর্মসূচিতে অংশ নিতে জেলায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের বয়স এখনও কম। সমস্ত খোলনলচে বদলাতে সময় লাগবে। স্যুইচ টিপলেই পরিকাঠামো উন্নয়ন হয় না। তবে সরকার সদিচ্ছা নিয়ে সমস্ত সমস্যা মেটাবে।