


চণ্ডীগড়, ১৮ এপ্রিল: আইনি গেরোয় ‘জাট’। সদ্য মুক্তি পাওয়া এই সিনেমার একটি দৃশ্য নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে পাঞ্জাবে এফআইআর দায়ের হল অভিনেতা সানি দেওল, রণদীপ হুডার বিরুদ্ধে।
খবরে প্রকাশ, বুধবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৯৯ ধারা অনুযায়ী এফআইআর দায়ের হয় জলন্ধর থানায়। অভিনেতাদের পাশাপাশি অভিযুক্ত হিসেবে তাতে নাম আছে সিনেমার ডিরেক্টর এবং প্রযোজকেরও। চলতি মাসের ১০ তারিখ পর্দায় মুক্তি পেয়েছিল সানি দেওল ও রণদীপ হুডার অ্যাকশন ছবি ‘জাট’। পুলিসে দাখিল অভিযোগে দাবি করা হয়েছে যে, সিনেমার একটি দৃশ্যে ‘খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে গভীর আঘাত করা হয়েছে।’ দেশজুড়ে অশান্তি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে পবিত্র গুড ফ্রাইডে ও ইস্টারের মাসে ছবিটি রিলিজ করা হয় বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
‘জাট’-এর মাধ্যমে পরিচালক হিসেবে বলিউডে পা রেখেছেন গোপীচাঁদ মালিনেনি। মনে করা হচে্ছে, এই সিনেমার মোট বাজেট ১০০ কোটি টাকা। প্রথমদিকে বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলেছিল সিনেমাটি। কিন্তু এক সপ্তাহের মধ্যে দর্শকদের আগ্রহে ভাটা দেখা যায়।