


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধ করতে হবে। পুজোর ছুটিতে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ ঠেকাতে শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটিতে কোনও বহিরাগত যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবেন। পুজোর ছুটির পর আবার হস্টেলের তালা খোলা যাবে। এছাড়াও ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পুজোর ছুটির পরে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা বসে নিরাপত্তা সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করবেন। সিসি ক্যামেরা বসানো সহ অন্য বিষয়গুলি নিয়েও ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তারপর রিপোর্ট জমা দিতে হবে আদালতে। গত ২ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য বসু। তারপরই জনস্বার্থ মামলা দায়ের হয়। সেইসূত্রেই এই নির্দেশ। এনিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারা ওখানে নৈরাজ্য চালাচ্ছে জানি। এই রায়কে স্বাগত জানাচ্ছি।’