


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর কাণ্ডের তদন্তে এদিনও ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ফের ঘটনাস্থল পরীক্ষা করা হয়। বুধবার সন্ধ্যায় ওই ঝিলে নামানো হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিদের। গোটা ঝিলে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় একজোড়া সাদা জুতো। তদন্তকারীরা জানাচ্ছেন সেটি মহিলাদের জুতো। লালবাজার সূত্রে খবর, সেই জুতোর ছবি পাঠানো হয় যাদবপুরের মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের অভিভাবককে। জুতোটি চিহ্নিত করেছেন ছাত্রীর মা। পুলিশের অনুমান, গত বৃহস্পতিবার রাতে যখন অনামিকা ঝিলের জলে পড়ে যান, তখন তিনি পায়ে সাদা জুতো পরে ছিলেন। ডুবে যাওয়ার জেরেই তাঁর জুতো খুলে যায় বলে অনুমান। জলের মধ্যেই দু’ পাটি জুতোর মধ্যে বেশ কিছুটা দূরত্ব ছিল। অন্যদিকে, এদিন লালবাজারে ৬ প্রত্যক্ষদর্শীকে তলব করেন হোমিসাইড শাখার আধিকারিকরা। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। রেকর্ড করা হয়েছে বয়ানও।