


নিজস্ব প্রতিনিধি, আসানসোল: যাদবপুরের উৎকর্ষতার উপর আস্থা রেখে, পড়ুয়াদের নোবেল জয়ের স্বপ্ন দেখছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার আসানসোলে অগ্নিমিত্রা পাল বলেন, যাদবপুরে পড়ার জন্য যোগ্যতা লাগে। মেধাবী পড়ুয়ারাই সেখানে পড়ার সুযোগ পায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের স্বাধীনতার আগে গড়ে ওঠা জাতীয়তাবাদী এক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই, রাজনীতি হোক শিক্ষাঙ্গনের বাইরে। বিশ্ববিদ্যালয়ে গবেষণা হোক। আমি স্বপ্ন দেখি, তাঁরা গবেষণার জন্য নোবেল পাক। দেশের মুখ উজ্জ্বল হবে। এরপর তিনি বলেন, যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিরোধী স্লোগান মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী সে কথা আগেই জানিয়েছেন। প্রশাসন তার ব্যবস্থা নেবে। এদিন হীরাপুর থানার চিত্রামোড়ের কাছে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি বলেন, এটি কোনো দলীয় কার্যালয় নয়, সেবা কেন্দ্র, নেতাজি সেবা কেন্দ্র। এলাকার মানুষ এখানে আসবেন। তাঁদের সমস্যার কথা জানাবেন। এখানে কোনো দলীয় সংকীর্ণতা রাখা হবে না। সবার কথা শুনে সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে। এরপরই দলীয় কর্মীদের কড়া বার্তা দেন অগ্নিমিত্রা। তিনি বলেন, আমাদের দলের কর্মীদের মনে রাখতে হবে তাঁরা কিন্তু শাসকদলের কর্মী, বুথের কর্মী থেকে রাজ্যের নেতামন্ত্রীদের আচরণ মানুষ নজর রাখছে। তাঁরা পরিবর্তন চেয়েছিলেন, তাই পরিবর্তন হয়েছে। তারা কিন্তু চাননি বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীর মতো হবে বা সিপিএম কর্মীর মতো হবে। আমরা যদি তাঁদের মতো আচরণ করি, তাহলে মানুষ ভাববে কেন পরিবর্তন করলাম। তিনি আরও বলেন, সংকল্পপত্রের ৪৩ শতাংশ প্রতিশ্রুতি আমাদের সরকার পূরণ করেছে। নতুন বহু কাজ আসছে। আমাদের কর্মীদের সেই সব কাজ নিয়ে ভাবতে হবে। কী করলে এলাকার উন্নয়ন হবে, তা নিয়ে পর্যালোচনা করতে হবে। অগ্নিমিত্রা পাল যখন সেবা কেন্দ্রের উদ্বোধন করছেন তখন জামুড়িয়ার চুরুলিয়ায় অন্নপূর্ণা যোজনা দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল বের হয়। সেখানে ছিলেন বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বিজেপি নেতৃত্ব।