


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টালমাটাল পরিস্থিতিতে অন্য চিত্র। ২৪ থেকে ২৯ মার্চ একেবারে কেন্দ্রীয় অনুদানেই শিক্ষকদের প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে সেখানে। শিক্ষামন্ত্রকের ইনোভেশন সেল এবং কেন্দ্রীয় প্রযুক্তি শিক্ষা নিয়ামক সংস্থা এআইসিটিই-র সহায়তায় এই প্রশিক্ষণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটশন ইনোভেশন কাউন্সিলের মাধ্যমে এই দফায় প্রশিক্ষণ পাবেন ৬০ জন শিক্ষক। এঁদের মধ্যে ১০ জন যাদবপুরের শিক্ষক। মূলত উদ্যোগ ও উদ্ভাবনের উপরেই প্রশিক্ষণ হবে। স্টার্টআপ ইকোসিস্টেম, অর্থায়নের সুযোগ, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস বা মেধাস্বত্ব অধিকার এবং গবেষণার বাণিজ্যিকরণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখবেন খ্যাতনামা অধ্যাপক, শিল্প ও সরকারি সংস্থার বিশেষজ্ঞরা। এ ধরনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য পূর্বভারতে নোডাল সংস্থা হয়েছে যাদবপুর। শিক্ষামন্ত্রক, এআইসিটিই-র সঙ্গে হাত মিলিয়ে এ ধরনের কর্মশালা পূর্বভারতে প্রথম।