


ইসলামাবাদ: অপারেশন সিন্দুরে খতম জঙ্গিদের শেষকৃত্যে হাজির হয়েছিলেন পাক সেনা আধিকারিকরা। তাঁদের যাওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং পাক সেনাপ্রধান আসিম মুনির। বক্তা জয়েশ-ই-মহম্মদ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আয়োজিত ‘মিশন মুস্তাফা কনফারেন্সে’র একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তাতেই বিপাকে পাকিস্তান। মঞ্চ থেকে জয়েশ কমান্ডারের একের পর এক ‘স্বীকারোক্তি’তে গোটা বিশ্বের সামনে বেআব্রু পাকিস্তান সরকার ও সেনা।
আগেই ইলিয়াসের একটি ভিডিও সামনে এসেছিল। সেখানে তাকে বলতে শোনা যায়, অপারেশন সিন্দুরে ছিন্নভিন্ন হয়ে যায় জয়েশ সুপ্রিমো মাসুদ আজহারের প্রিয়জনদের দেহ। এবার আরও একটি ভিডিও সামনে এসেছে। সেখানেই জয়েশ কমান্ডারকে বলতে শোনা গিয়েছে, জঙ্গিদের শেষকৃত্যে হাজির হওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন পাক সেনাপ্রধানই। তার আরও দাবি, পাকসেনার জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল জঙ্গিগোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আড়াল করতে চেয়েছিলেন। এমনকী বাহাওয়ালপুরে জঙ্গিদের যে ঘাঁটি রয়েছে, সেই তথ্যও লুকোতে চেয়েছিলেন।আগেই এই সংক্রান্ত একাধিক ছবি ভাইরাল হয়। দেখা যায়, পাক পতাকায় মুড়ে সম্পন্ন হচ্ছে জঙ্গিদের শেষকৃত্য। সেখানে হাজির পাকিস্তানের সেনা আধিকারিক, পুলিশ, প্রশাসনিক কর্তা ও রাজনীতিবিদরা। কিন্ত শুরু থেকেই তা অস্বীকার করেছে পাকিস্তান। এবার জয়েশ কমান্ডারের মন্তব্যে ফাঁস হয়ে গেল পাকিস্তানের মিথ্যাচার।