


লন্ডন: ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তা উপেক্ষা করেই উইম্বলডনে অভিযান শুরু করলেন জানিক সিনার। মঙ্গলবার ইতালির লুকা নার্ডি’কে ৬-৪, ৬-৩, ৬-০ সেটে হারালেন পুরুষদের সিঙ্গলসের শীর্ষ বাছাই। কয়েক সপ্তাহ আগেই ফরাসি ওপেনের ফাইনালে দুরন্ত লড়াই করে হারতে হয়েছিল কার্লোস আলকারাজের কাছে। সেই হতাশা পিছনে ফেলে মাত্র এক ঘণ্টা ৪৮ মিনিটে প্রথম রাউন্ডের বাধা টপকালেন তিনি। তবে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ। তাঁকে ৭-৬ (৭-৩), ৬-৭ (৮-১০), ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-৪ সেটে হারান আর্থার রিনডারনেচ। ছিটকে গিয়েছেন নবম বাছাই ড্যানিল মেডভেডেভও। মহিলাদের সিঙ্গলসে শীর্ষবাছাই ইগা সুইয়াটেক অবশ্য অনায়াসেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
চলতি আসরে হ্যাটট্রিকের লক্ষ্যে লন্ডনে পা রেখেছেন দ্বিতীয় বাছাই আলকারাজ। প্রথম রাউন্ডে কড়া চ্যালেঞ্জের সামনে পড়লেও ঘাসের কোর্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ৩০টি জয় ছিনিয়ে নিয়েছেন নাদালের যোগ্য উত্তরসূরি। এই কীর্তিতে আলকারাজ নেন ৩৩টি ম্যাচ। এর আগে টনি রোশ ও রড লেভার উভয়েই নিয়েছিলেন ৩৪টি ম্যাচ। ঘাসের কোর্টে জয়ের শতাংশও বেশি (৯০.৯) আলকারাজের।