


লন্ডন: উইম্বলডনে হ্যাটট্রিকের হাতছানি অধরাই রইল কার্লোস আলকারাজের। বরং ফরাসি ওপেনের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন জানিক সিনার। রবিবার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক ঘটালেন বিশ্বের এক নম্বর। টানা তিন সেট দখল করে প্রথমবারের জন্য উইম্বলডন জিতলেন ইতালীয় তারকা। ২৩ বছর বয়সির পক্ষে ম্যাচের ফল ৪-৬, ৬-৬, ৬-৪, ৬-৪। উল্লেখ্য, এর আগে ইতালির কেউ উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হননি।
আগের দু’বার এই আসরে নিজের শ্রেষ্ঠত্ব মেলে ধরেছিলেন আলকারাজ। এবারও স্প্যানিশ তারকাকে বদ্ধপরিকর দেখাচ্ছিল। দাপটে ফাইনালে ওঠেন তিনি। এদিন সেন্টার কোর্টে শুরুতে পিছিয়ে পড়েও প্রথম সেট দখল করেন আলকারাজ। তবে ২২ বছর বয়সির কাজ যে সহজ হবে না, দ্বিতীয় সেট ছিনিয়ে নিয়ে তা বুঝিয়ে দেন সিনার। ক্রমশ ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে ফেলেন তিনি। চতুর্থ সেটের ম্যাচপয়েন্টে দুরন্ত সার্ভিসে আলকারাজ বশ মানতেই পাখির মতো দু’হাত আকাশ ছড়িয়ে দেন সিনার। তারপর দৌড়ে যান বক্সে উপস্থিত মায়ের কাছে। ট্রফি হাতে নিয়ে সিনার বলেন, ‘আলকারাজকে হারানো খুব কঠিন। কোর্টের ভিতরে ও বাইরে আমাদের সম্পর্কটা অদ্ভুত। আমি জানি, তুমি ভবিষ্যতে অনেকবার উইম্বলডন জিতবে। এরমধ্যেই তো দু’বার জিতে ফেলেছো। আমার কাছে এই জয়টা স্পেশাল। কারণ, বাবা-মা, ভাই হাজির এখানে। অবিশ্বাস্য লাগছে! প্যারিসের হারটা হজম করতে কষ্ট হয়েছিল। তবে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রচুর খেটেছি। তারজন্যই এখানে সাফল্য পেলাম। স্বপ্নপূরণ হল।’
আগের পাঁচ সাক্ষাতেই আলকারাজের কাছে হেরেছিলেন সিনার। সবচেয়ে বেদনাদায়ক অবশ্য গত মাসেই ফরাসি ওপেনের ফাইনালের পরাজয়। দু’সেট এগিয়ে থেকে তিনবার চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সামনে দাঁড়িয়েও হারতে হয়েছিল তাঁকে। সেই যন্ত্রণায় অবশেষে পড়ল মলম। কেরিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার। তিনি এখন আলকারাজের চেয়ে মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম পিছনে। আগামী দিনেও আলকারাজ-সিনারের দ্বৈরথের দিকেই চোখ থাকবে টেনিস সার্কিটের। এই মহারণ যে তুলনীয় হচ্ছে ফেডেরার-নাদালের লড়াইয়ের সঙ্গেই।