


নয়াদিল্লি, ৩ অক্টোবর: কোকরোচদের আন্দোলনে আবারও উত্তপ্ত হতে চলেছে যন্তর মন্তর? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ফের আন্দোলনে নামার ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ককরোচরা দিল্লিতে এসে বিক্ষোভে যোগ দেবেন। এর আগে মুম্বইয়ের শিবাজি পার্কে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকে হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগদান করেন। পুলিশের অনুমতি না থাকলেও সেখানে জমায়েত হয় হাজার হাজার মানুষ। পাশাপাশি ছিলেন অভিনেতা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, বিশাল দাদলানির মতো পরিচিত মুখও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
এসআইআর পক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগের জেরে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে সিজেপি। সেইসঙ্গে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আন্দোলন হবে। দিল্লি পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে যেখানে আটকানো হবে সেখানেই যন্তর মন্তর তৈরি করে প্রতিবাদ চালানোর হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি এই আন্দোলন শান্তিপূর্ণ হবে বলেই জানিয়েছেন দীপকে। ২০ জুলাইয়ের ঘটনার উল্লেখ করে তিনি সরকার ও দিল্লি পুলিশের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন। মহাত্মা গান্ধীর দেখানো পথেই শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চান তাঁরা। গত ২০ জুলাই সংসদ ভবনের দিকে মিছিল ঘিরে ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ঘটনায় একাধিক ছাত্র এবং দিল্লি পুলিশ, র্যাফ ও সিআরপিএফের বেশ কয়েকজন কর্মী আহত হন। পরে বিক্ষোভকারীদের শরীরে আঘাতের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসে যা র্যাফের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই বিষয়টি আগস্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং ঘটনা ও পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে শীর্ষ আদালত একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। এর আগে পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সিজেপি দিল্লির যন্তর মন্তরে মাসব্যাপী বড়োসড়ো আন্দোলন করেছিল। সেই আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল। মুম্বইয়ের বিক্ষোভে জ্ঞানু মাস্ট গোর মতো পোস্টারও দেখা যায়। আন্দোলনের মঞ্চ থেকে দীপকে হুঁশিয়ারি দেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে জেন-জিদের মিছিল শুরু হতে পারে।