


পূর্বাশা দাস: একদিকে জিৎ এবং অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত। বহু হিট ছবির কারিগর দু’জনেই। কিন্তু একসঙ্গে অভিনয়? ২০০৪ সালের ‘আক্রোশ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ফের এই জুটি একসঙ্গে কাজ করলে সে ছবির জন্য মুখিয়ে থাকবেন দর্শক। সূত্রের খবর, ঋতুপর্ণা এবং জিতের একসঙ্গে কাজের সম্ভাবনা তৈরি হয়েছে। সত্যিই কি তাই? শুক্রবার বৃষ্টিভেজা শহরে এক অনুষ্ঠানে একত্রে হাজির হয়েছিলেন দুই তারকা। সেখানে এই প্রশ্ন শুনে হেসেছেন দু’জনেই। সরাসরি কোনও উত্তর দেননি। তবে তাঁদের এই হাসিই বলে দিচ্ছে, এই জল্পনা সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর ঘোষণা অনুষ্ঠানে একসঙ্গে হাজির ছিলেন দুই তারকা। স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিং-এর জীবনী পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক পথিকৃৎ বসু। মুখ্য ভূমিকায় জিৎ। প্রথমবার কোনও বায়োপিকে অভিনয় করছেন তিনি। চলতি বছরের অক্টোবর থেকে শুরু হতে পারে ছবির শ্যুটিং। কলকাতা ছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে শ্যুটিং হতে পারে বলে জানা গিয়েছে। টলিউডের অন্দরের গুঞ্জন, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতেই নাকি থাকবেন ঋতুপর্ণা! যদিও আপাতত সে রহস্য বজায় রাখছেন নির্মাতারা।