


জীতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের বিবাদে সরগরম টলি পাড়া। অভিযোগ, পাল্টা অভিযোগের পারদ চড়েছে দু’পক্ষেই। অবশেষে এই দ্বন্দ্বে নতুন মোড়। মিটল ‘অশান্তি’। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন দিতিপ্রিয়া নিজেই। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে অশান্তির আঁচ পাওয়া যাচ্ছিল। যদিও প্রাথমিকভাবে কিছুই সর্বসমক্ষে জানাননি কেউই। যাবতীয় বিতণ্ডার সূত্রপাত দিতিপ্রিয়ার একটি ফেসবুক পোস্ট থেকে। এই সপ্তাহের শুরুর দিকে করা সেই পোস্টে নাম না করে সহ অভিনেতা জীতুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিনেত্রী। একের পর এক অভিযোগ করেছিলেন নায়কের বিরুদ্ধে। পাল্টা জবাব দেন জীতুও। ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট সমাজমাধ্যমে শেয়ার করে দেন নায়ক। দিতিপ্রিয়া পাল্টা অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত নম্বর জনসমক্ষে এনেছেন অভিনেতা। এই দ্বন্দ্ব ঘিরে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে নানা মহলে। এর প্রভাব ধারাবাহিকেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। যদিও যাবতীয় বিবাদ নিজেদের মধ্যে মিটিয়ে নিলেন তাঁরা। দিতিপ্রিয়া শুক্রবার লিখেছেন, ‘প্রোডাকশন হাউজের সহযোগিতায় আমার সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।’ দ্বন্দ্ব ভুলে জীতু এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার সহ অভিনেত্রী ছোট। আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। ওর ভবিষ্যতের জন্য অনেক শুভ কামনা।’