


রামগড়: অবৈধ খননের জের। ধসে গেল ঝাড়খণ্ডের কয়লাখনির একাংশ। ঘটনায় চারজনের মৃত্যুর খবর মিলেছে। তবে কয়লাখনিতে আটকে রয়েছেন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। শনিবার ভোরে ঝাড়খণ্ডের রামগড় জেলার ওই কয়লাখনিতে অবৈধভাবে খনন কাজ চলছিল। আচমকা ধস নামে। মাটির গভীরে আটকে পড়েন শ্রমিকরা। তাঁরা মূলত স্থানীয় বাসিন্দা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। তার আগেই অবশ্য তিনজনের দেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে আরও একটি দেহ তুলে আনা হয় ধ্বংসস্তূপ থেকে। তবে অনেকেরই খোঁজ মেলেনি। ঘটনাটি ঝাড়খণ্ডের সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের এক পরিত্যক্ত কয়লা খনিতে হয়েছে।