


ভোপাল: খবর সংগ্রহ করতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন মধ্যপ্রদেশের এক সাংবাদিক। কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারা যায়নি। পরে হাসপাতালে পৌঁছালেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত দীপক সোনি ছিলেন একটি মাসিক পত্রিকার সাংবাদিক। গত শুক্রবার রাইসেন শহরে একটি কৃষি মেলার খবর করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোপালের কোনো বড় হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করা হয়। কিন্তু ওই সময় হাসপাতালে কোনও অ্যাম্বুলেন্স ছিল না। সোনির পরিবারের অভিযোগ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে একটি সরকারি অনুষ্ঠানে ‘ভিআইপি’ ডিউটিতে ব্যস্ত ছিল হাসপাতালের সব অ্যাম্বুলেন্স। এই কারণে একাধিকবার ফোন করা সত্ত্বেও কোনো অ্যাম্বুলেন্স আসতে পারেনি। তিন ঘণ্টা অপেক্ষার পর পরিবারের সদস্যরা বাধ্য হয়ে অন্য গাড়িতে করে সোনিকে ভোপালের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাংবাদিকরা।