


টোকিও, ৫ ডিসেম্বর: প্রেম করছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ স্টার কেটি পেরি! এতদিন জল্পনা ছিল, এবার তাতে সিলমোহর পড়ল বলাই চলে। বেশ কিছুদিন ধরেই নানা অনুষ্ঠান কিংবা স্থানে একসঙ্গে দেখা যাচ্ছে ট্রুডো ও কেটিকে। দু’জনের কেউই তাঁদের প্রেমের সম্পর্কে সিলমোহর দেননি। তবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রুডোর ‘কূটনৈতিক মধ্যাহ্নভোজের’ ছবি ভাইরাল হতেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
টোকিওতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তাঁর স্ত্রীয়ের সঙ্গে ‘কূটনৈতিক মধ্যাহ্নভোজ’ সারেন ট্রুডো। সেখানেই কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পপ স্টার কেটি পেরি। একসঙ্গে সকলে ছবিও তোলেন। জাস্টিন ট্রুডোর পোস্ট করা সেই ছবিই এখন চর্চার কেন্দ্রবিন্দু। কারণ অন্য দেশের কোনও শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে একান্ত ব্যক্তিগত কিংবা স্ত্রীকে সঙ্গে রাখা যায়। ট্রুডো টোকিওতে ফুমিও কিশিদার সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক করেছেন কেটি পেরিকে সঙ্গে নিয়েই।
তাতেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা কেটির সঙ্গে সত্যিই প্রেম করছেন ট্রুডো। কেটি পেরি আপাতত লাইফটাইম ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ব্যস্ত রয়েছেন। যদিও টোকিওতে ট্রুডোর সঙ্গে দেখা করার জন্যই তিনি সেই ট্যুর থেকে আপাতত বিরতি নিয়েছেন। এমনটাই জানা যাচ্ছে।