


মুম্বইতে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো পৃথিবী বিখ্যাত। কাজল, রানি মুখোপাধ্যায়দের বাড়ির এই পুজোতে বলিউডের বহু সেলেবের আনাগোনা লেগে থাকে। ৭৯ বছরের এই পুজোয় চলতি বছর মুখোপাধ্যায় বাড়ির সদস্যদের মনখারাপ। কয়েক মাস আগে দেবু মুখোপাধ্যায়ের প্রয়াণ যেন থমকে দিয়েছিল পুজোর আয়োজন। তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা। কাজল এবং রানির কাকা। তাঁকে ছাড়া বাড়ির পুজোর কথা ভাবতেই পারেন না তারকারা। তবে এবছরও নিয়ম মেনে পুজো হবে। কিন্তু পুজোর কাজে বাড়ির কোনও সদস্য থাকবেন না। এই পরিবারের তরফে সম্রাট মুখোপাধ্যায় বলেন, ‘পঞ্চমীর সন্ধ্যায় মায়ের মুখ দর্শকের জন্য খুলে দেওয়া হয়েছে। পশুপতিনাথ মন্দিরের আদলে সেজে উঠেছে এবারের মণ্ডপ। অঞ্জলি, ভোগের ব্যবস্থা থাকবে। প্রতি বছরের মতো থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। অষ্টমীর সন্ধেয় প্রীতম গান গাইবে। নবমীতে থাকছেন শিল্পা রাও। ৭৯ বছরের পুজো এটা। প্রতিদিন দশ হাজার মানুষ ভোগ খান। ফলে পুজো আমাদের কাছে অন্যরকম আবেগ। যদিও আমাদের এক বছরের অশৌচ চলছে। মুখোপাধ্যায় পরিবারের কেউ পুজোর কাজে থাকতে পারবে না। কিন্তু আমরা সকলেই পুজো মণ্ডপে থাকব। বিভিন্ন কাজে সাহায্য করব। কাজল, রানিও আসবে। বলিউডের বহু শিল্পী আমাদের পারিবারিক বন্ধু। তাঁরা অনেকেই আসবেন।’