


পরিবার না কাজ? ব্যস্ত জীবনে কোনটিকে এগিয়ে রাখবেন? সদ্য এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী কাজল। তিনি অবশ্য প্রথম অপশনই বেছে নিয়েছেন। অর্থাৎ পরিবারকে সময় দেওয়া তাঁর প্রধান লক্ষ্য। মুক্তির অপেক্ষায় কাজলের ‘মা’। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত নায়িকা। অভিনেত্রীর কথায়, ‘আমি একাধিক ছবিতে একসঙ্গে চুক্তিবদ্ধ হই না। অন্যান্য অভিনেতার মতো একসঙ্গে চারটি ছবিতে অভিনয়ও করিনি কোনওদিন। একটা ছবি শেষ করে অন্য ছবির কাজ শুরু করতাম। কোনওদিন টানা ২০-৩০ ঘণ্টা কাজ করিনি। আমার কাছে একটা বিষয় পরিষ্কার ছিল, নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করব।’ অত্যধিক কাজের চাপের পরিবর্তে অল্প কাজ করে পরিবারকে সময় দেওয়ার পক্ষেই সওয়াল করলেন কাজল। সদ্য দীপিকা পাড়ুকোন ৮ ঘণ্টার কাজের দাবি করেছেন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এই নিয়ে দীপিকার চাপানউতরও চলছে। এই আবহে কাজলের মন্তব্য প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে।