


আদালতের দ্বারস্থ হলেন অভিনেতা কমল হাসান। সদ্য কন্নড় ভাষাকে ‘অপমান’ করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। এর জেরে তাঁর ‘থাগ লাইফ’ ছবিটি বিপাকে পড়েছে। একাধিক গোষ্ঠী ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এই আবহে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হলেন কমল। আদালতে অভিনেতার আর্জি, ‘থাগ লাইফ’ ছবির মুক্তিতে যেন কোনওরকম বাধা দেওয়া না হয়। এই বিষয়টি নিশ্চিত করার জন্য কর্ণাটক সরকার, পুলিস ও চলচ্চিত্র ব্যবসায়ী সংস্থাগুলির হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। গত মাসে এই ছবি সংক্রান্ত একটি অনুষ্ঠানে চেন্নাইতে গিয়েছিলেন কমল। সেখানে তিনি বলেন, ‘তামিল ভাষা থেকে কন্নড়ের জন্ম।’ এর জেরেই বিতর্কের মুখে পড়েন কমল। তাঁর বিরুদ্ধে মুখ খোলেন একাধিক রাজনৈতিক নেতৃত্বও। সদ্য কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স রাজ্যে ছবির মুক্তি নিষিদ্ধ করেছিল। পাশাপাশি কমলকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়। যদিও ক্ষমা চাননি তিনি। অভিনেতা বলেছেন, ‘আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছে। যদি আমি কোনও ভুল করি, তাহলে অবশ্যই ক্ষমা চাইব। কিন্তু কোনও ভুল না করলে কেন ক্ষমা চাইব? এটাই আমার জীবনধারা।’