


সংবাদদাতা, বোলপুর : টানা বৃষ্টিতে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর। মন্দির প্রাঙ্গণে জল ঢুকে পড়ায় বৃহস্পতিবার গর্ভগৃহ থেকে দেবীকে সরিয়ে পাশের শিব মন্দিরে স্থানান্তর করা হল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানেই দেবীর পুজোর ব্যবস্থা করা হয়েছে।
বুধবার রাত থেকে বীরভূম জুড়ে টানা বৃষ্টি চলছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের ভারি বৃষ্টি শুরু হয়। এর জেরে কোপাই নদীর জলস্তরও ক্রমশঃ বেড়ে চলেছে। জল ঢুকে পড়ে কঙ্কালীতলা মন্দির চত্বরে। নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শনার্থী ও পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। জল আরও বাড়ার আশঙ্কায় আগে থেকেই দেবীকে সরানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। এদিন সকালে মূল মন্দিরের গর্ভগৃহেই সকালের পুজো হয়। তারপর দেবীকে পাশের শিব মন্দিরে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই পুজোর ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, জলমগ্ন হয়ে পড়েছে কঙ্কালীতলা শ্মশানও। বৈদ্যুতিক চুল্লির নিচে জল জমে যাওয়ায় চুল্লির পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ফলে মৃতদেহ নিয়ে আসা পরিবারগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে। বৃষ্টির পরিস্থিতি না বদলালে এই সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।