


ওটাওয়া, ৩ মে: আবার নিশানায় জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। কানাডায় তাঁর ক্যাফের কাছে চলল গুলি। জানা গিয়েছে, কপিলের ‘ক্যাপস ক্যাফের’ অদূরেই একটি ক্যাফেতে গুলি চালিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। ওই ক্যাফের নাম চাই সুট্টা বার। স্থানীয় পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার গভীর রাতে এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোনও অভিযুক্তকেও গ্রেপ্তার করতে পারেননি স্থানীয় পুলিশ কর্মীরা। জানা যাচ্ছে, গুলি চালানোর ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় একটি হুমকি বার্তা ভাইরাল হয়। যেখানে এই হামলার দায় স্বীকার করেছে টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু। বার্তা দেওয়া হয়েছে চা সুট্টা বার অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া কানাডার কপিল শর্মার ক্যাফে এবং মুম্বইয়ের বাসভবনে হামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, সতর্কবার্তা না মানলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে তারা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কানাডা পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত বছরও কপিল শর্মার ক্যাফের উপর একাধিকবার হামলা চালানো হয়েছিল। এমনকী প্রাণনাশের হুমকির মুখেও পড়েছিলেন কপিল।