


নয়াদিল্লি: ‘ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হতে আমরা ক্লান্ত। আমার মনে হচ্ছে, সেখানে যাওয়ার আর কোনো মানে হয় না।’ শনিবার এমনই মন্তব্য করেছিলেন বর্ষীয়ান আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। রবিবার ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশের অতিসক্রিয়তা সংক্রান্ত মামলা চলাকালীন সিবালের হতাশা
নিয়ে পালটা মন্তব্য করল শীর্ষ আদালতও। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে এই মামলার বিশেষ শুনানি ছিল। সেই সময় ডিভিশন বেঞ্চ বলেন, ‘বিচার ব্যবস্থার প্রতি যাতে কপিল সিবাল আস্থা না হারান, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তাঁর বিশ্বাস ফিরিয়ে দিতে চাই। ওঁর বিশ্বাস আমাদের অন্যতম অস্ত্র।’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে তিনি অখুশি কি না, তা নিয়েও শনিবার সিবালকে প্রশ্ন করা হয়। তাতে তিনি বলেছিলেন, ‘এটা ব্যক্তিগত সন্তুষ্টির বিষয় নয়। মানুষের অধিকারের পক্ষে লড়াইয়ের জন্য আইনজীবীদের দায়িত্বের বিষয়টি এর সঙ্গে জড়িত রয়েছে।’