


ক্যান্টারবেরি: ২০১৭ সালের পর ২০২৫! মাঝের ৮ বছর ভারতীয় দলে ব্রাত্যই ছিলেন করুণ নায়ার। এই পর্বে ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও নির্বাচকদের মন জিততে পারেননি। ২০২২ সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় কাতর মিনতির সুরে তিনি লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট, আমায় আর একটা সুযোগ দাও।’ অবশেষে ২০২৫ সালে ক্রিকেটদেবতা তাঁর প্রর্থনা শুনেছেন। বিরাট কোহলি-রোহিত শর্মাদের অবসরের পর ফের জাতীয় দলে জায়গা পেয়েছেন করুণ নায়ার। সুযোগের সদ্ব্যাহারে তিনি যে প্রস্তুত, চারদিনের বেসরকারি টেস্টেই তার নিদর্শন রাখলেন। ইংল্যান্ড সফরের প্রস্তুতি পর্বে ভারতীয় এ দলের হয়ে অনবদ্য দ্বিশতরান হাঁকালেন এই ভারতীয় ব্যাটার। ক্যান্টারবেরিতে শনিবার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ২৮১ বলে ২০৪ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। মারেন ২৬টি চার ও ১টি ছক্কা। সেই সুবাদে প্রথম ইনিংসে ভারতীয় এ দলের সংগ্রহ ৫৫৭। করুণ নায়ার ছাড়াও রানের পাহাড় গড়ায় বড় অবদান রেখেছেন সরফরাজ খান (৯২) ও ধ্রুব জুরেল (৯৪)।
বলাই বাহুল্য, এই দ্বিশতরানের পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশে করুণ নায়ারের জায়গা কার্যত পাকা। বিশেষজ্ঞরা তাঁকে তিন নম্বর পজিশনে খেলানোর পরামর্শ দিচ্ছেন। শেষ পর্যন্ত কোচ গৌতম গম্ভীর এই পরামর্শ শোনেন কিনা, সেটাই দেখার। উল্লেখ্য, ক্যান্টারবেরিতে শুক্রবারই শতরান হাঁকিয়েছিলেন করুণ। ১৮৬ রানে ব্যাটিং করছিলেন তিনি। দিনের শেষে দলের স্কোর ছিল ৩ উইকেটে ৪০৯। শনিবারও কপিবুক ব্যাটিংয়ের নিদর্শন রাখলেন করুণ। ২৭২ বলে দ্বিশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত তাঁকে আউট করে ইংল্যান্ড লায়ন্স শিবিরে স্বস্তি আনেন জামান আখতার। ধ্রুব জুরেলও সেঞ্চুরি পেতে পারতেন। কিন্তু শতরান থেকে মাত্র ৬ রান দূরে থামেন তিনি। শেষদিকে শার্দূল ঠাকুর (২৭), হর্ষ দুবেরা (৩২) সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ। ভারতের ৫৫৭ রানের জবাবে প্রথম ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত লায়ন্সের সংগ্রহ ২ উইকেটে ২৫১।