


দেরাদুন: রাজবীর সিং চৌহান। জয়পুরের শাস্ত্রীনগরের বাসিন্দা রাজবীর ১৫ বছর ধরে ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। তাঁর উড়ানের অভিজ্ঞতাও ছিল দীর্ঘ। কিন্তু নিয়তির কাছে হার মানল সমস্ত দক্ষতা ও অভিজ্ঞতা। রবিবার কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় মুহূ্র্তেই সব শেষ হয়ে গেল। মাস দুয়েক আগে যমজ সন্তানের বাবা হয়েছিলেন রাজবীর। না, আর বাড়ি ফিরে তাদের মুখ দেখা হল না। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ১৫ বছর ভারতীয় সেনায় ছিলেন রাজবীর। ২০২৪ সালের অক্টোবর মাসে আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টার চালকের কাজে যোগ দেন। সেনায় থাকাকালীন বিভিন্ন ধরনের হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর। হেলিকপ্টার ওড়ানোয় অত্যন্ত দক্ষ ছিলেন তিনি। রবিবার কোনওকিছুই সহায় হল না রাজবীরের। গৌরীকুণ্ডের জঙ্গলেই থেমে গেল জীবনের উড়ান।
কপ্টার দুর্ঘটনা প্রাণ কেড়েছে মহারাষ্ট্রের এক দম্পতি ও তাঁদের বছর দুয়েকের শিশুর। রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশীর দিকে রওনা দিয়েছিলেন জয়সওয়াল পরিবার। বাবা মায়ের সঙ্গে কেদারনাথ না যাওয়ায় বেঁচে গিয়েছে বড় ছেলে বিভান।