


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনের কেরোসিনের দাম প্রতিমাসে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির অনুমোদন গতমাসেই দিয়েছিল কেন্দ্র। পেট্রলিয়াম মন্ত্রক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে এই অনুমোদন দেয়। সেইমতো সেপ্টেম্বরের মাঝামাঝি লিটারে প্রায় ৬ টাকা দাম বাড়ানো হয়। কিন্তু অক্টোবরে পুজোর মাসে ইস্যু প্রাইস একই রেখে দিয়েছে তেল সংস্থাগুলি। ফলে এমাসে নতুন করে কেরোসিনের দাম বাড়ছে না। সরকারি সূত্রের খবর, রেশনের কেরোসিনের দামবৃদ্ধির বিষয়টি নিয়ে রাজ্যের তরফে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়। এমাসে লিটারে ৭ টাকা দাম বাড়বে। এটাই মোটামুটি ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়। দামবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চেয়েছিল কেরোসিন ডিলার সংগঠন। কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সম্প্রতি কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে যোগ দেন। এরপরই মূল্যবৃদ্ধি স্থগিত হয়। ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানান, মূল্যবৃদ্ধি স্থায়ীভাবে রুখে দাম কমানো জরুরি। তবেই গরিব মানুষের কাছে কেরোসিনের চাহিদা বাড়বে।