


অভিনেত্রী কিয়ারা আদবানির কাছে ২০২৫ সালটা স্বপ্নপূরণের মতো। এ বছরই মা হয়েছেন তিনি। স্বপ্নের নায়ক হৃতিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন ‘ওয়ার ২’ ছবিতে। সেটাও এ বছরই। এবার কিয়ারার স্বপ্নের মতো জার্নিই যেন উঠে এল ‘টক্সিক’ ছবির প্রথম লুকে। গীতু মোহনদাস পরিচালিত এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এল রবিবার। আর প্রথম লুকেই বাজিমাত কিয়ারার। প্রথমবার দক্ষিণী তারকা যশের বিপরীতে কাজ করছেন নায়িকা। এই ছবিতে নাদিয়ার ভূমিকায় দেখা যাবে কিয়ারাকে। সোশ্যাল মিডিয়ায় প্রথম লুক শেয়ার করেছেন নায়িকা। সেই পোস্ট প্রশংসিত নানা মহলে। প্রশংসা করেছেন কিয়ারার স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও। ফলে উল্লেখ্য, প্রথম থেকেই চর্চার কেন্দ্রে ‘টক্সিক’ ছবিটি। প্রাথমিকভাবে যশের দিদির চরিত্রে ভাবা হয়েছিল করিনা কাপুর খানকে। যদিও তিনি করতে পারেননি কাজটি। সেই চরিত্রে অভিনেত্রী নয়নতারাকে দেখা যাবে।