


মুম্বই, ১৫ মার্চ: এবার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর হুমকির মুখে জনপ্রিয় গায়ক বাদশা। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই বার্তায় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে হামলার হুমকি দেওয়া হয়েছে। তারই সাঙ্গে ওই পোস্টে সাম্প্রতিক পানিপতের অসন্ধ রোড এলাকায় একটি গুলি চালানোর ঘটনারও দায় স্বীকার করেছে তারা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বার্তায় অভিযোগ করা হয়েছে যে বাদশা ‘হরিয়ানার সংস্কৃতি নষ্ট করছেন’। তাঁকে সতর্ক করা হয়েছে, তিনি যদি না দ্রুত নিজেকে সংযত করেন তাহলে তাঁর উপর হামলা চালানো হবে। এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে তাঁকে।
বাদশাকে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর তরফে এর আগেও হামলা চালানো হয়েছে। ২০২৪ সালে একটি ক্লাবে বাদশার উপর হামলা চালায় বিষ্ণোই গোষ্ঠী। সেই ঘটনারও উল্লেখ করা হয়েছে নতুন পোস্টটিতে। বলা হয়েছে, 'আগের হামলাটি কেবলমাত্র একটি ট্রেলার ছিল'। ভবিষ্যতে আরও বড় আক্রমণ হতে পারে বলেও সেখানে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক, অন্য একটি মামলাতেও বর্তমানে বিতর্কে জড়িয়ে রয়েছেন বাদশা। হরিয়ানভি ভাষায় ‘টটীরী’ নামে একটি গান প্রকাশ করেছেন বাদশা। ওই গানের কথায় মহিলাদের প্রতি কুরুচিকর ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করেছে হরিয়ানা বাসিন্দারা। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। হরিয়ানা মহিলা কমিশনও এই ঘটনার পর কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে এবং শনিবারই দ্রুত তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ার পোস্টটিতে পানিপতের আসান্ধ রোড এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া গুলিচালনার দায় স্বীকার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কয়েক দিন আগে ওই এলাকায় এক হাওয়ালা এজেন্টের দপ্তরের সামনে দুষ্কৃতীরা গুলি চালায়। ভাইরাল হওয়া বার্তায় দাবি করা হয়েছে, হাওয়ালা চক্রের মাধ্যমে দেশ থেকে বিপুল টাকা বিদেশে পাচার করা হচ্ছে, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতির উপর। অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ না হলে আরও বড় হামলার হুমকিও দেওয়া হয়েছে।
পুলিশ গুলি চালানোর ঘটনা এবং বাদশাকে অনলাইন হুমকি বার্তা আসলেই বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে এসেছে কিনা তা খতিয়ে দেখছেন।