


মুম্বই, ২৯ মার্চ: রানের পাহাড় গড়েও আরব সাগরের তীরে তরি ডুবল কলকাতার! রবিবার ২২০ রান তুলেও প্রথম ম্যাচেই মুম্বইয়ের কাছে ৬ উইকেটে হারতে হল রাহানে বাহিনীকে। সেইসঙ্গে তৈরি হল নতুন রেকর্ড। তথ্য বলছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে আইপিএলে এতো রান তাড়া করে জয়ের নজির নেই। এদিনের ম্যাচের নায়ক মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। গুরুত্বপূর্ণ সময়ে তিনটি উইকেট নিয়ে কেকেআরে’র রানের ঝড় থামিয়ে দেন তিনি।
কোটিপতি লিগে বরাবরই কলকাতার সামনে বড় বাধা হয়ে দেখা দিয়েছে মুম্বই। সবথেকে বেশি বার তারা এই দলের কাছেই হেরেছে। সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। অন্যদিকে, মুম্বইয়ের কাছে এই জয় খুব গুরুত্বপূর্ণ। কারণ জয় দিয়ে আইপিএল অভিযান শুরুর স্বাদ থেকে বহুদিন বঞ্চিত ছিল তারা। সেই ফাঁড়া এবার অন্তত কাটল।
এদিন ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। প্রথমে ব্যাট করতে হতাশ করেননি কেকেআর-এর ব্যাটাররা। অধিনায়ক রাহানের ব্যাট থেকে আসে ৬৭ রান। অর্ধশত রান করেন রঘুবংশী। যার দৌলতে প্রতিপক্ষকে ২২১ রানের টার্গেট দেয় কলকাতা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয় মুম্বইয়ের। ব্যাটে ঝড় তুলে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন দুই ওপেনার রিকেলটন এবং রোহিত শর্মা। রিকেলটন রানআউট হন ৮১-তে। অন্যদিকে, রোহিতের ব্যক্তিগত সংগ্রহ ৭৬ রান। শেষ ওভারে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মুম্বই।