


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইপিএলের খণ্ডিত সূচি প্রকাশিত হয়েছে। প্রথম পর্বে চারটি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ ২৯ মার্চ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অজিঙ্কা রাহানেদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। গতবার দশ দলের টুর্নামেন্টে শাহরুখ খানের দল শেষ করেছিল অষ্টম স্থানে। তার জেরে কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় চন্দ্রকান্ত পণ্ডিতকে। অভিষেক নায়ার এবার হেড কোচের দায়িত্বে। কেকেআরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। গতবছর তিনি ছিলেন সহকারী কোচ। এবার দায়িত্ব অনেক বেশি। ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। তাই ক্রিকেট মহলের ধারণা, লো প্রোফাইল কোচ করে কেকেআর এবার চমক দিতে পারে।
অনেক দলই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মূলত ঘরোয়া ক্রিকেটাররাই অংশ নিচ্ছেন। কারণ, সদ্য শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপ। বিদেশি ক্রিকেটাররা ভারত থেকে দেশে ফিরেছেন। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে যোগ দেবেন ফ্র্যাঞ্চাইজি দলে। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফিরতে সমস্যা হয়। বেশ কিছুদিন তাঁরা আটকে ছিলেন কলকাতায়। শেষ পর্যন্ত আইসিসি’র বিশেষ ব্যবস্থাপনায় ক্রিকেটাররা দেশে ফেরেন। একই সমস্যায় পড়তে হবে আইপিএলের সময়। ১৭ মার্চ কেকেআরের স্বদেশী ক্রিকেটাররা কলকাতায় চলে আসছেন। পরের দিন অর্থাৎ ১৮ মার্চ টিম হোটেলে চেক ইন করার কথা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সুনীল নারিন, রভম্যান পাওয়েলরা ১৯ মার্চ আসতে পারেন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই নারিন ও বরুণ চক্রবর্তীর স্পিন জুটি ভরসা জোগাচ্ছে নাইটদের। এবারও তাঁদের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছেন বরুণ। সেই ফর্ম আইপিএলেও ধরে রাখাই লক্ষ্য মিস্ট্রি স্পিনারের।
মিনি নিলামে এবার কলকাতা নাইট রাইডার্স বেশ শক্তিশালী দল গড়েছে। নিউজিল্যান্ডের দুই মারকুটে ব্যাটার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট নতুন রিক্রুট। পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারের উপস্থিতি শাহরুখের দলে ভারসাম্য অনেকটাই বাড়িয়েছে।