


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতাকে হারিয়ে ৪০ রানে জয়ী হল দিল্লি। আজ, রবিবার আইপিএলের ৭০তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। এদিন ইডেন গার্ডেন্সে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথমে ব্যাট করতে নামে দিল্লি। ওপেনার অভিষেক পোরেল ১৮ রানে আউট হন। নারিনের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাহিল পারেখও (২৪)। দলকে অক্সিজেন যোগান কিপার কে এল রাহুল। ৩০ বলে ৬০ রান করেন তিনি। মারেন ৪টি ছয় এবং ৫টি চার। অধিনায়ক অক্ষর প্যাটেল ২৫ বলে ৩৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ডেভিড মিলার করেন ২৮ রান। শেষে আশুতোষ শর্মা ১৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে টিম দিল্লি। কেকেআরের হয়ে ২টি উইকেট নেন সৌরভ দুবে। ১টি করে উইকেট আসে সুনীল নারিন, অনুকূল রায় এবং বরুণ চক্রবর্তীর ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নামে কেকেআর। নিগিডির বলে বোল্ড হন ওপেনার অ্যালেন (২০)। মণীশ পাণ্ডে ২৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। ক্যামেরুন গ্রিন করেন মাত্র ২ রান। দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ৩৯ বলে করেন ৬৩ রান। মারেন ৪টি চার এবং ৪টি ছয়। এরপর রিঙ্কু সিং (০) এবং কিপার তেজস্বী ধাইয়া (১) প্যাভিলিয়নে ফেরেন। ২৯ রানে রানআউট হন পাওয়েল। অনুকূল (৯), কার্তিক ত্যাগী (০) এবং বরুণ চক্রবর্তী (৫) রানে আউট হন। ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয় কেকেআর। ৪০ রানে জয়ী হয় দিল্লির দল। নিগিডি এবং কুলদীপ যাদব ৩টি করে উইকেট পান। ২টি উইকেট পান মিচেল স্টার্ক। ১টি উইকেট আসে অক্ষর প্যাটেলের ঝুলিতে। ম্যাচের সেরা হন কুলদীপ যাদব।