


হায়দরাবাদ: এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে কমলা জার্সিধারীরা। কলকাতায় এসে নাইট রাইডার্সকে হারিয়েছে তারা। কিন্তু লখনউ ও আরসিবি’র কাছে হেরে চাপে ঈশান কিষান-ব্রিগেড। আর দলের এই ভরাডুবির জন্য ব্যাটিংকেই দুষছেন হেনরিখ ক্লাসেন। তিনি বলেন, ‘আমাদের বোলিং খারাপ হচ্ছে না। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ের জন্য শেষ দু’টি ম্যাচে হারতে হয়েছে। কেকেআরের বিরুদ্ধে ব্যাটাররা ভালো পারফরম্যান্স মেলে ধরেছিল এবং ম্যাচটা জিতিও। কিন্তু লখনউ ও আরসিবি’র বিরুদ্ধে আমরা কম রান করেছি। আর ফিল্ডিংয়ে ১০-এর মধ্যে ৬ দেব। গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচ জিততে হবে। পাশাপাশি প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ বোলারের না থাকাটাও সমস্যায় ফেলছে দলকে।’
ক্লাসেন অবশ্য দুরন্ত ফর্মে। কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান তিনি। এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারের মন্তব্য, ‘নিজের পারফরম্যান্সে খুশি। পরের ম্যাচগুলিতেও এই ছন্দ ধরে রাখতে চাই।’ উল্লেখ্য, ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে হায়দরাবাদ।