


তিরুবনন্তপুরম: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ও পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আগামী রবিবার কেরলের তিরুবনন্তপুরমে প্রথম ওডিআই খেলতে নামবেন শুভমান গিলরা। তার আগে বুধবারই দক্ষিণ ভারতের শহরটিতে একে একে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। বোর্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার গোটা দলকে একত্রিত হওয়ার নির্দেশ দেওয়া হলেও, এদিন লন্ডন থেকে সবার আগে তিরুবনন্তপুরমে পা রাখেন বিরাট কোহলি। দুপুরে বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে পৌঁছে যান ভিকে। সেখানে স্থানীয় রীতিতেই স্বাগত জানানো হয়। বিরাট ছাড়াও ঋতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়েসওয়াল, ধ্রুব জুরেল, নমন ধীররাও এদিন কেরলে পা রাখেন। আর রাতেই দক্ষিণের শহরটিতে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ দলও।
আগামী বছর ওডিআই বিশ্বকাপ। সেই মতো আগামী কয়েক মাস তারই প্রস্তুতি সারতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আসন্ন কয়েকটি সিরিজে দুই সিনিয়র ক্রিকেটার কোহলি ও রোহিত শর্মার উপর যাবতীয় ফোকাসড থাকবে। উল্লেখ্য, দু’জনেই টেস্ট ও টি-২০ থেকে অবসর নিয়েছেন। তাই ওয়েস্ট সিরিজে তাঁরা কেমন পারফর্ম করেন, সেদিকেই সকলের নজর।