


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়ার উপর নাগরিকদের মতামত ও আবেদনের শুনানি শেষ হল বুধবার। কলকাতা পুরসভা সূত্রে খবর, কোনো নির্দিষ্ট পার্ট বা বুথ কোন ওয়ার্ডে পড়ছে, তা জানতে নাগরিকদের মধ্যে প্রবল আগ্রহ দেখা গিয়েছে। বহু ক্ষেত্রে অভিযোগ এসেছে, প্রস্তাবিত ওয়ার্ড বিন্যাস অনুযায়ী যে ম্যাপ প্রকাশ করা হয়েছে, তাতে অনেক পার্ট নম্বর ভুল আছে। আধিকারিকরা জানাচ্ছেন, শুনানিতে উঠে আসা মতামতের ভিত্তিতে সেগুলি সংশোধন করে পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওয়ার্ডের বিভিন্ন পার্ট বা বুথ চূড়ান্ত করবে কমিশনই।
৫, ৭, ৮ এবং ৯ সেপ্টেম্বর চলে এই শুনানি পর্ব। পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে ১০ জন হিয়ারিং অফিসার এসেছিলেন এই কাজের জন্য। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আম জনতা—সবার অভিযোগ শুনেছেন অফিসাররা। সবটাই লিখিত আকারে রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে ২৮৫টি অভিযোগ জমা পড়েছিল। তার মধ্যে ২০৭ জন অভিযোগকারী শুনানিতে অংশ নিয়েছেন। বাকিরা অনুপস্থিত ছিলেন।
সূত্রের খবর, ওয়ার্ড ডিলিমিটেশন করতে গিয়ে যে নতুন ওয়ার্ড বাউন্ডারি তৈরি হয়েছে, তাতে পার্ট নম্বর ভুলভাল রয়ে গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে। বেশিরভাগই এ সংক্রান্ত অভিযোগ নিয়ে এসেছিলেন। শুনানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন, ‘এই ডিলিমিটেশন প্রক্রিয়ার জন্য স্থানীয় স্তরে বরো কমিটি তৈরি হয়েছিল। তারা এলাকাভিত্তিক সার্ভে করে আমাদের যে রিপোর্ট পাঠিয়েছে, তার ভিত্তিতেই পুনর্বিন্যাস করে প্রস্তাবিত ওয়ার্ড ম্যাপ তৈরি হয়েছে। সেখানে বহু ওয়ার্ডের মধ্যে পার্ট নম্বর এদিক-ওদিক হয়েছে বলে অভিযোগ। আসলে কোন ওয়ার্ডে কোন বুথ পড়বে, তা আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। এবার শুনানির যাবতীয় কাগজপত্র একত্রিত করে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। ওয়ার্ডভিত্তিক পার্ট নম্বর চূড়ান্ত করবে কমিশন। তবে পার্ট নম্বর সংক্রান্ত যে ভুলগুলি হয়েছে, তাতে কোনো সমস্যা হবে না। যে ওয়ার্ড বাউন্ডারিতে যে পার্ট নম্বর থাকার কথা, সেগুলোই থাকবে। অন্য পার্ট নম্বর ঢুকে থাকলে তা বদল করে দেওয়া হবে। প্রস্তাবিত ওয়ার্ডভিত্তিক মানচিত্রের কোনো বদল হবে না।’