


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিমধ্যেই কলকাতা পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর অনেকে প্রশ্ন তুলেছেন, এত সংখ্যক কাউন্সিলার পুরসভার অধিবেশন কক্ষে (হাউস) বসবেন কোথায়? জানা গিয়েছে, কীভাবে কাউন্সিলারদের আসন সংস্থান হবে তার পরিকাঠামো তৈরি নিয়ে আলোচনা শুরু হয়েছে পুরসভায়।
বর্তমানে কলকাতা পুরসভার হেরিটেজ হাউজ হল অর্থাৎ অধিবেশন কক্ষে ১৪৪ জন বসতে পারেন। পুনর্বিন্যাসের পর অতিরিক্ত ৬৫ কাউন্সিলারকে বসানোর মতো পরিকাঠামো তৈরি করতে হবে। তা নিয়ে চলছে আলোচনা। আধিকারিকদের একাংশ জানান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এক পুরকর্তা বলেন, প্রাথমিকভাবে কয়েকটি দিক খতিয়ে দেখা হচ্ছে। এটি ব্রিটিশ আমলের। হেরিটেজ ভবন। সেখানে বর্তমানে থাকা চেয়ারগুলি তুলে দিয়ে বেঞ্চ বা সোফার ব্যবস্থা করা যেতে পারে। তাহলে অনেকে একটি লম্বা জায়গায় একসঙ্গে বসতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে হেরিটেজ আইনে না আটকালেও অধিবেশন কক্ষের ঐতিহ্যবাহী লুক নষ্ট হওয়ার আশঙ্কা। আবার এটাও আলোচনায় রয়েছে, পুরসভার চেয়ারম্যানের আসনের উল্টোদিকে লোহার স্ট্রাকচার বানিয়ে মাচার মতো ব্যালকনি করে অতিরিক্ত কাউন্সিলার আসনের ব্যবস্থা করা যেতে পারে। সেখানে তিনটে সারি তৈরি করলে ৬৫ জনকে বসানো সম্ভব। এক-একটি রোতে ২০ থেকে ২২ জনের বসার ব্যবস্থা হতে পারে। পাশাপাশি এটাও ভাবা হয়েছে, ঐতিহ্যবাহী হাউসের কোনো বদল না করে টাউন হলে প্রতি মাসের পুর-অধিবেশন করানো যেতে পারে।