


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাল থেকে গেরুয়া। রাতারাতি বদলে গেল দেড়শো বছরের প্রাচীন কলকাতা পুলিশের সরকারি ওয়েবসাইটের রং! হঠাৎ করেই ‘রং বদল’-এর এই ঘটনা কলকাতা পুলিশের অফিসার ও কর্মী মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে। তবে কি ‘গেরুয়াকরণ’ চলছে কলকাতা পুলিশে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে শতাব্দী প্রাচীন লালবাজারের অলিন্দে।
যদিও ‘রং বদল’ নিয়ে সরকারিভাবে লালবাজারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দাকে হোয়াটসঅ্যাপে এই প্রসঙ্গে প্রশ্ন পাঠানো হলে রাত পর্যন্ত কোনো উত্তর আসেনি। স্বাভাবিকভাবেই লালবাজারের শীর্ষকর্তাদের এই নীরবতা জল্পনাকে আরও উসকে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের এক সিনিয়র আইপিএস অফিসার জানাচ্ছেন, ‘কলকাতা পুলিশের ওয়েবসাইটের রং গেরুয়া করতে হবে। নবান্ন থেকে এমন কোনো সরকারি নির্দেশিকা এসেছে, তা আমাদের অন্তত জানা নেই। সম্ভবত কলকাতা পুলিশের শীর্ষকর্তা আগ বাড়িয়ে এই কাজ করেছেন। যাতে সরকারের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো যায়।’ তবে সরকারকে তুষ্ট করতে গিয়ে পুলিশের কর্তাদের এই অতি সক্রিয়তার ফলে আখেরে রাজ্য সরকারকে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে।
কলকাতা পুলিশের সরকারি ওয়েবসাইটের ‘গেরুয়াকরণ’ হলেও, রাজ্য পুলিশের ওয়েবসাইটের রংয়ের কিন্তু কোনো পরিবর্তন আনা হয়নি। অন্তত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্য সরকার যদি সত্যি গেরুয়া রং করতে নির্দেশ দিত, তবে রাজ্য পুলিশের ওয়েবসাইটের রং বদল হতো। উল্লেখ্য, রাজ্যের আইপিএস মহলে দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশের শীর্ষপদে রদবদল নিয়ে জল্পনা চলছে। কারণ, নতুন সরকার কলকাতা পুলিশের শীর্ষকর্তার ভূমিকায় খুশি নয়। বিশেষ করে, শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ ওয়েলফেয়ারের নেতাদের পরপর নিয়োগ নিয়ে। বিষয়টি অজানা নয় শীর্ষকর্তার। সম্ভবত, সেকথা মাথায় রেখেই, তুষ্টিকরণের এক মরিয়া প্রয়াস চলছে বলে অভিযোগ আইপিএসদের একাংশের।