


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিশের সোশ্যাল সাইটে বড়সড় রদবদল। আনফলো করা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা পুলিশের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই নানা মহলে বিতর্ক দেখা দিয়েছে। এটিকে নির্বাচনী ফলাফলের একটি কারণ হিসেবেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ঘাসফুল শিবির এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। ফলে এই মুহূর্তে তিনি বিধানসভার সদস্য নন। হতে পারবেন না বিরোধী দলনেত্রীও। এখন তিনি শুধুমাত্রই দলের চেয়ারপার্সন। বর্তমানে কলকাতা পুলিশের ফলো-র তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তিনি অবশ্য মুখ্যমন্ত্রী হওয়ার বেশ আগে থেকেই এই তালিকায় ছিলেন। এছাড়াও রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অফিস পিএমও এবং কেন্দ্রীয় স্বরাষ্টরমন্ত্রী এক্স অ্যাকাউন্ট।
প্রসঙ্গত, গত ৪মে নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেয় লালবাজার। সরানো হয় ভারী গার্ডরেল। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের সামনে নিরাপত্তার যে বাড়াবাড়ি ছিল তাতেও রাশ টানা হয়েছে। তবে সাংসদ হিসেবে অভিষেক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার যতটা নিরাপত্তা পাওয়া উচিত তা দেওয়া হবে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ।