


মুম্বই, ৫ এপ্রিল: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে ‘গদ্দার’ বলায় বিপাকে কৌতুকশিল্পী কুণাল কামরা। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত মুম্বই পুলিসের তরফে মোট তিনটি সমন পাঠানো হয়েছে কৌতুকশিল্পীকে। সর্বশেষ সমনে আজ, শনিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে তৃতীয়বার কুণাল কামরা পুলিসের সমন এড়িয়ে গেলেন বলে এক পুলিসকর্তা জানিয়েছেন।
একটি শোতে একনাথ সিন্ধে সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে কুণাল কামরার বিরুদ্ধে। এনিয়ে খার থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক মুরজি প্যাটেল। দ্বিতীয় সমন এড়ানোর পরে চলতি সপ্তাহের গোড়ার দিকে খার থানার পুলিস শিল্পীর বাসভবনে হানা দিয়েছিল।
এর মধ্যে বিদেশ থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ এনে কুণাল কামরার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে একনাথপন্থী শিবসেনা। মুম্বই পুলিসের আর্থিক অপরাধ শাখায় এনিয়ে অভিযোগ দায়ের করে তারা।