


নয়াদিল্লি: আসন্ন বিহার নির্বাচনে টিকিট পাননি জেডিইউয়ের বিধায়ক অনন্ত কুমার সিং। তাঁর জায়গায় দাঁড় করানো হয়েছে তাঁরই বিরোধী নীরজ কুমারকে। সেই রোষেই নীতীশ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন জেডিইউয়ের ওই বাহুবলী বিধায়ক। তাঁর দাবি ছিল, নীতীশ কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। সবসময় তিনি নীতীশের সঙ্গে থেকেছেন। এমনকি তাঁকে সাহায্য করার জন্য ন’জনকে খুন পর্যন্ত করিয়েছেন।’ তিনি বলেন, আগেও নীরজ কুমারের বিরুদ্ধে অজস্র অভিযোগ তিনি দলকে জানিয়েছেন। তারপরও সেই নীরজকেই কেন তাঁর জায়গায় দল টিকিট দিল, সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। তবে অনন্তর এই অভিযোগের পর জেডিইউ দল তাঁর থেকে দূরত্ব রাখতে শুরু করে। অবশেষে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে অনন্ত বলেন, লালু সরকারের সময় তাঁর নয় সহযোগীকে খুন হতে হয়েছিল। তাঁর দাবি, যেহেতু তাঁরা নীতীশের সঙ্গে ছিলেন তাই, লালুর দলের দুষ্কৃতীরাই এই খুন করিয়েছে।
যদিও অনন্তের মন্তব্যের পরই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। আরজেডির তরফে বলা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশকে নিয়ে অনন্ত কুমার সিং যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে তদন্ত শুরু হওয়া উচিত। দলীয় নেতা শক্তি সিং যাদব বলেন, ‘অনন্ত সিং ন’জনকে খুনের কথা স্বীকার করেছেন। আর সেই খুনগুলি নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকাকালীন হয়েছে। সেই গ্যাং চলত মোতিহারি, মুঝফফরপুর, বৈশালী বা মোকামা অঞ্চলে। তাহলে সেই গ্যাংয়ের সদস্য কারা ছিল, তা খতিয়ে খুঁজে বের করা উচিত।