


নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কুরিয়ার সার্ভিসের অফিস থেকে উদ্ধার হল নিষিদ্ধ কাফসিরাপ ফেন্সিডিল। আজ, শুক্রবার ঘটনাটি ঘটে কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা এলাকায়। সীমান্তে পাচারের জন্যই ফেন্সিডিলগুলি মজুত করা হয়েছিল বলে পুলিশের অনুমান। জানা গিয়েছে, আজ পুন্ডিবাড়ি থানায় ফেন্সিডিল পাচারের একটি খবর আসে। সেই মতো বালা পাড়ায় এলাকায় হানা দেন পুলিশ কর্মীরা। এরপর নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেখানকার একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
কিন্তু একটি কুরিয়ার সার্ভিসের অফিসে একসঙ্গে এত পরিমাণ ফেন্সিডিল এলো কী করে? কোচবিহার জেলা পুলিশের এক পদস্থ কর্তা জানান, বাইরে থেকে কুরিয়ার মারফৎ এই বিপুল পরিমাণ ফেন্সিডিল এসেছে বলেই মনে করা হচ্ছে। তদন্তকারী আধিকারিকদের একাংশের ধারনা এই ফেন্সিডিলগুলি সীমান্ত পেরিয়ে ওপারে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ফেন্সিডিলগুলি কোথা থেকে এল এবং কাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।