


নয়াদিল্লি: বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের কতদিন থাকবেন ক্যাপ্টেন? ২০২৮ সালের লস এঞ্জেলস অলিমপিকসে কি তিনিই দেবেন নেতৃত্ব? অপ্রিয় প্রশ্নগুলোর আকার ক্রমশ বাড়ছে। কারণ, তাঁর ব্যাটে রানের খরা। ম্যাচ জেতানো ইনিংস আর দেখা যাচ্ছে না।
আইপিএলের পর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে খেলতে যাবে ভারতের টি-২০ দল। এই সফরই ঠিক করবে নেতা সূর্যের ভবিষ্যৎ। আরও দু’বছর তাঁর উপর ভরসা করা ঠিক হবে কি না, তার আভাস মিলবে তখনই। মাথায় রাখতে হবে যে ২০২৮ সালে শুধু অলিমপিক নয়, রয়েছে টি-২০ বিশ্বকাপও। তবে কোচ গৌতম গম্ভীরের কাছে এই ফরম্যাটে নেতা হিসেবে এখনও সূর্যই প্রথম পছন্দ। বিশ্বকাপ জেতার পর কোচেরও নিশ্চিতভাবে মেয়াদ বাড়ছে দু’বছর পরের কুড়ি ওভারের কাপযুদ্ধ পর্যন্ত। তবে তখন সূর্যর বয়স ৩৮-এর কাছাকাছি হবে। অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকমণ্ডলী কি তারপরও নেতার মুকুট রাখবেন মুম্বইকরের মাথায়? বোর্ড সূত্রে বলা হয়েছে, নেতা হিসেবে সূর্য যত সফলই হন না কেন, ব্যাটার হিসেবে রান করা জরুরি। ধারাবাহিকতা রাখতেই হবে। জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিনি যাচ্ছেনই অধিনায়ক হিসেবে। কিন্তু তারপর নেতৃত্বে থাকতে হলে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।