


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ষষ্ঠ বিদেশি হিসাবে স্কটল্যান্ডের লি আরউইনের সঙ্গে কথা এগিয়েছিল মোহন বাগানের। রবিবার সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। ৬ ফিট ২ ইঞ্চির স্কট ফুটবলার মূলত বক্স স্ট্রাইকার। জর্ডনের আল ফয়সালি থেকে তাঁকে সই করাল মোহন বাগান। এর আগে মাদারওয়েল, বারি এফসি, ট্র্যাক্টর এসি’র মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। হেডিং বেশ শক্তিশালী। আরউইন বলেছেন, ‘মোহন বাগান ভারতের সেরা ক্লাব। দলের প্রতি সমর্থকদের আবেগ, ভালোবাসা তুলনাহীন। সবুজ-মেরুন ব্রিগেডকে ট্রফি জেতানোই একমাত্র লক্ষ্য।’ আরউইনকে রিক্রুটের মাধ্যমেই চলতি মরশুমে ৬ বিদেশির কোটা পূর্ণ করে ফেলল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। আলবার্তো, মিগুয়েল, জেলকোভিচ, ড্র্যাজিচ ও ম্যাকলারেন ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। সোমবার রাতে শহরে পৌঁছানোর কথা আরউইনের। সেক্ষেত্রে মঙ্গলবার মোহন বাগান অনুশীলনে দেখা যাবে তাঁকে। বিশেষজ্ঞদের ধারণা, ম্যাকলারেনের সঙ্গে আরউইনের জুটি ক্লিক করলে গোলের বন্যা বইতে পারে। তবে ম্যাচ জিততে গেলে দুর্গরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। মোহন বাগান ডিফেন্সে একমাত্র আলবার্তোই বিদেশি মুখ। সেক্ষেত্রে রাহুল ভেকে, অভিষেকদের উপর বাড়তি দায়িত্ব থাকবে।
চলতি মরশুমে মোহন বাগানের আপফ্রন্ট দারুণ শক্তিশালী। মিগুয়েল, ছাংতেরা নিজের দিনে যে কোনও বিপক্ষের ঘুম কাড়তে পারেন। তবে ডুরান্ড কাপে নামের প্রতি সুবিচারে ব্যর্থ নামীদামি তারকারা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ার পর গ্রিক কোচ পানোসও প্রবল চাপে। যুদ্ধকালীন তৎপরতায় অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি।