


নয়াদিল্লি: একদল তীর্থযাত্রীর সঙ্গে নেপালে কৈলাস মানসরোবর যাত্রায় গিয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি শিবজ্ঞানম। ২৬শে আগস্ট নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েন তাঁরা। সেই থেকে প্রাক্তন বিচারপতির আর কোনো খোঁজ নেই। এবার শিবাগনানমের খোঁজে অতিরিক্ত তৎপরতার দাবি করে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে চিঠি লিখল মাদ্রাাজ বার অ্যাসোসিয়েশন (এমবিএ)। কেন্দ্রীয় সরকার যাতে ‘জরুরি এবং সর্বাধিক অগ্রাধিকার’ দিয়ে বিষয়টি বিবেচনা করে, তার নির্দেশিকা চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এমবিএ-র প্রেসিডেন্ট ভি এ কমলানাথন এবং সেক্রেটারি জে পথিরাজ। এর আগে ৩০ আগস্ট একই আর্জি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেয় দিল্লি তামিল অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন (ডিটিএএ)।
এমবিএ-র চিঠিতে জানানো হয়েছে, ২৬ আগস্ট দু’টি বাসে করে তামিলনাড়ুর একদল পুণ্যার্থী চীনের দিকে যাচ্ছিলেন। রাসুয়া জেলায় বাস দু’টি বন্যার কবলে পড়ে। অন্য বাসটির প্রত্যেককে উদ্ধার করা হয়েছে। তবে শিবজ্ঞানমের বাসটির কোনো খোঁজ নেই। ২৬ আগস্ট ভোরে তিনি শেষবারের মতো তাঁর স্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছিলেন।
প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম।