


নয়াদিল্লি, ১৬ জুলাই: দাবি একটাই। নিট কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। এই ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে আমৃত্যু অনশনে বসেছেন লাদাখেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তাঁর এই কর্মসূচি আজ ১৯ দিনে পড়ল। যার ফলে ক্রমশ ভাঙছে শরীর। কমছে ওজন। তবুও সিন্ধান্তে অনড় রিয়েল লাইফের ‘র্যাঞ্চো’। এই পরিস্থিতিতে সোনমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল আদালত। নিয়মিত সোনামের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে কেন্দ্র ও দিল্লির সরকারকে। এমনই নির্দেশ দিল্লি হাইকোর্টের। বৃহস্পতিবার এক জনস্বার্থ মামলার শুনানিতে আদালত মনে করিয়ে দিয়েছে, ‘জীবন অতি মূল্যবান’। যে কারণে প্রয়োজন মতো সোনমের মেডিক্যাল সহায়তা করতে কেন্দ্র ও রাজ্য উভয়কে নির্দেশ আদালতের।
দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অনশনে ‘অত্যন্ত দুর্বল’ হয়ে পড়েছেন সোনাম। গত ২৪ ঘণ্টায় তাঁর ওজন কমেছে ৪০০ গ্রাম। তাঁর বিভিন্ন অঙ্গ ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ছে। বছর ৫৯ বয়সি এই সমাজকর্মীর শারীরিক অবস্থার উপরে সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা।
সূত্রের খবর, সোনামের রক্তচাপ ১০৫/৭৬। অক্সিজেন স্যাচুরেশন ৯৭ শতাংশ। যদিও কারও সাপোর্ট ছাড়া দু’পাও চলতে পারছেন না। এমনকি কোনোমতে চেয়ারে বসলেও উঠে দাঁড়ানোর সময় দু’জনের সাহায্য প্রয়োজন হচ্ছে সোনামের। এক ভিডিও বার্তায় তাঁকে অনশন না ভাঙার জন্য অনুগামীদের কাছে আবেদন করেছেন সোনম। ২০ জুলাই ‘সংসদ চলো’র ডাক দিয়েছে ‘ককরোচ জনতা’। তাতে যোগ দেওয়ার জন্য সবার কাছে আবেদন করেছেন তিনি।