


সংবাদদাতা, বনগাঁ: সাতদিন কেটে গেলেও পেট্রাপোল বন্দরে লিঙ্ক সমস্যা মিটল না। যে কারণে রবিবারও ব্যাহত হয়েছে বৈদেশিক বাণিজ্য। এই সমস্যার সমাধানে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার ই-মেল মারফত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিন কোনওমতে ট্যাবের মাধ্যমে সামান্য পণ্য বোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে গিয়েছে। বন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন শুধু পচনশীল দ্রব্যই রপ্তানি হয়েছে।
গত ২৮ তারিখ সোমবার রাত থেকে লিঙ্কের সমস্যা দেখা দেয় বন্দরে। ফলে মঙ্গলবার থেকে অল্প সংখ্যক ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে যেতে পেরেছে। লিঙ্কের সমস্যা হওয়ায় ট্যাবের মাধ্যমে কোনওমতে বাণিজ্য চালু রেখেছেন আধিকারিকরা। এর মধ্যে পয়লা মে ছিল ছুটি। শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির কারণে বাণিজ্য বন্ধ ছিল। লিঙ্কের সমস্যা থাকায় শনিবার ও রবিবার শুধুমাত্র পচনশীল দ্রব্য রপ্তানি করা গিয়েছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাণিজ্যে গতি আনতে আধুনিক করে গড়ে তোলা হয়েছে পেট্রাপোল বন্দরের পরিকাঠামো। অথচ শুধু লিঙ্কের সমস্যার কারণে এক সপ্তাহ বাণিজ্য ব্যাহত হল। জানি না কবে স্বাভাবিক হবে। আমরা বিষয়টি দেশের অর্থমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি।’
পেট্রাপোল শুল্কদপ্তরের ডেপুটি কমিশনার দিব্যেন্দু দাস বলেন, ‘লিঙ্কের সমস্যায় রপ্তানি ব্যাহত হলেও আমদানিতে তেমন কোনও প্রভাব পড়েনি। সমস্যার কারণ প্রাথমিকভাবে জানা গিয়েছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’ লিঙ্ক সমস্যায় ধীরগতিতে বাণিজ্য চললেও এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (ইজিএম) করা যাচ্ছে না বলে জানা গিয়েছে। অর্থাৎ রপ্তানিকৃত পণ্যের বিবরণ শুল্কদপ্তরে পাঠানো যাচ্ছে না। শুল্কদপ্তর সূত্রে জানা গিয়েছে, লিঙ্ক সমস্যা মিটলে ইজিএম স্বাভাবিক হবে।