


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার সকালে শালিমার রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় লাইনচ্যুত হয় একটি লোকাল ট্রেনের কামরা। তবে ট্রেনটি খালি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। লাইন ছেড়ে বেরিয়ে যাওয়া কামরাটি প্ল্যাটফর্মের ধারে ঘষতে ঘষতে এগোয়। যার ফলে প্ল্যাটফর্মের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশনে। রেল সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি থেকে আসা ওই লোকালটিকে সকাল ১১টা নাগাদ শালিমার স্টেশনে প্রবেশের সময় হঠাৎই একটি কামরা লাইনচ্যুত হয়। বিকট শব্দে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা আতঙ্কে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান জিআরপি এবং রেলের পদস্থ কর্তারা। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, ট্রেনে কোনও যাত্রী না থাকায় কেউ আহত হওয়ার খবর নেই। ওই ঘটনার পর লাইনচ্যুত কামরাটিকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে রেল সূত্রে খবর। কামরা সরানোর সময় সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। অন্য প্ল্যাটফর্ম থেকে অবশ্য ট্রেন ছেড়েছে। বেলা ১টা নাগাদ লাইন স্বাভাবিক হলে ছন্দে ফেরে ট্রেন চলাচল।। নিজস্ব চিত্র