


সংবাদদাতা, উলুবেড়িয়া: ২০১৪ সালের ১৪ আগস্ট জয়পুর থানার কাশমলি গ্রাম পঞ্চায়েতের খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত দলুইয়ের ফাঁসির দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা। সোমবার এই দাবিতে পোস্টার হাতে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। গ্রামবাসীদের পাশাপাশি এই মিছিলে শামিল হন মৃতার পরিবারের সদস্যরাও। আমতায় বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি রাজকুমার মাইতি বলেন, ওই নৃশংস ঘটনার পর পুলিশ মূল অভিযুক্ত সহ দু’জনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু তারপর থেকে এই মামলার কোনো অগ্রগতি হয়নি। ওই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তাদের খুঁজে বের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি আমরা। আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, যদি নাবালিকার পরিবার চায়, তাহলে মামলা নিয়ে আমরা ফের পুলিশের সঙ্গে কথা বলব। প্রসঙ্গত, ঘটনার দিন রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুজোর অনুষ্ঠানে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে একটি জমি থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। তার উপর মাটি চাপা দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ সুশান্ত দলুইকে গ্রেপ্তার করেছিল। তদন্তে জানা যায়, ঘটনার দিন অনুষ্ঠান চলাকালীন সুশান্ত ছাত্রীর কাছে জল খেতে চায়। ছাত্রী অনুষ্ঠানস্থল থেকে কিছুটা দূরে জল আনতে গেলে সুশান্ত তার পিছু নেয়। অভিযোগ, এরপর সুযোগ বুঝে সুশান্ত ছাত্রীর মুখ চেপে ধরে পাশের একটি জমিতে নিয়ে যায়। অভিযোগ, সুশান্ত সেখানে ছাত্রীকে শ্বাসরোধ করে খুন করে এবং তথ্যপ্রমাণ লোপাটের জন্য মৃতদেহেক উপর মাটি চাপা দিয়ে দেয়। পরে সে বাড়ি ফিরে যায়। নিজস্ব চিত্র