


কাঠমাণ্ডু: হড়পা বানের পর কেটে গিয়েছে ১৩ দিন। নিকটজনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই। তবু মন মানছে না। তাই সোমবারও নিখোঁজ নিকটজনের ছবি নিয়ে কাঠমাণ্ডুর মাটিঘর মণ্ডলে হাজির হয়েছেন অনেকে। তাঁদের একটাই আরজি, নিকটজনের খোঁজ দিক সরকার। তবে এখনও উদ্ধারের কাজে যে কোনো ঢিলে দিচ্ছে না প্রশাসন, তা স্পষ্ট করে দিয়েছেন এনডিআরআরএমএ-র একজিকিউটিভ চিফ ধর্ম রাজ উপরেটি। এদিন তিনি বলেন, ত্রাণ, উদ্ধার ও তল্লাশি অভিযানে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। সর্বত্র ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার।
সম্প্রতি বেশ কয়েকটি টানেল থেকে জীবিত ব্যক্তি উদ্ধার হয়েছে। নেপাল সেনার পক্ষ থেকে তাই টানেলগুলিতে তল্লাশির উপর জোর দেওয়া হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল সুভাষ জং থাপা বলেন, টানেলের ভিতরে তল্লাশি চলছে জোর কদমে। নেপাল প্রশাসন জানিয়েছে, মৃত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ জন। নিখোঁজ প্রায় পাঁচ হাজার। এঁদের মধ্যে ৫৮৯ জন বিদেশি। ১৩ হাজার ৪০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে এনডিআরআরএমএ।