


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষীয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করা হতে পারে। এমনটাই খবর বিধানসভা সূত্রে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। মালদহের রতুয়া থেকে দীর্ঘদিন ধরে জিতে আসছেন সমরবাবু। পরিষদীয় রাজনীতি সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে তাঁর। তাছাড়া বিধানসভার খুঁটিনাটি বিষয় তিনি জানেন। প্রশাসনিক স্তরেও খোঁজখবর রাখেন তিনি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে মনে করা হচ্ছে, আগামী দিনে তাঁকে বড়ো কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। বিধানসভার পিএসির চেয়ারম্যান হতে পারেন তিনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে রয়েছেন সমরবাবু। সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনে সমরবাবুকে ‘ভদ্রলোক’ বলে সম্বোধন করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতেই অনেকে অনুমান করছেন, আগামী দিনে সমরবাবুকে বড়ো কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।
এদিকে, আগামী ৩ জুলাই রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ক্লাস নেবেন রাজ্যের বিধায়কদের। পরিষদীয় রীতিনীতি এবং বিধায়কদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পাঠ দেবেন তিনি। ওইসঙ্গে দেশের সাতটি রাজ্যের বিধানসভার স্পিকার এবং কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবেন। তাঁরাও বিধায়কদের প্রশিক্ষণ দেবেন। ৪ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের জন্য দুদিনব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বলেন, বিধায়কদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির ৩ এবং ৪ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে। এমন একটি কর্মসূচি গত ১৫ বছরে হয়নি। এই কর্মসূচি থেকে সমস্ত বিধায়ক অনেক কিছু শিখতে পারবেন। তাই সকল বিধায়ককে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামী ১৭ জুলাই থেকে বিধানসভার দপ্তরওয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত।